আড়াইহাজারে একটি কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক কৃষকের জমি দখল করে বালু ভরাটের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯ জানুয়ারি) বিকালে বালু ভরাটের ছবি তুলতে গেলে কোম্পানির ভাড়াটে সন্ত্রাসীরা স্থানীয় সাংবাদিক আল আমিন ভুইয়ার ওপর হামলা করে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। উপজেলার পাচঁরুখী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে আলআমিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আলআমিন দৈনিক ইনকিলাব পত্রিকার আড়াইহাজার উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত।
জমির মালিক সিরাজুল ইসলাম জানান, রুপগঞ্জের কাঞ্চন এলাকায় অবস্থিত একটি কোম্পানি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী গ্রামের ৬০০ পরিবারের পৈত্রিক ও বিভিন্ন সুত্রে মালিকানাধীন ১শ একর জমিতে জোরপূর্বক দখল করার পায়তারা করছে।
তিনি আরও বলেন, আংশিক জমি কিনে করে ক্ষমতার দাপটে পুরো জমিতে বালু ভরাট করার চেষ্টা করে। এতে শনিবার আমরা বাধা দিলে আমাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
স্থানীয় কৃষক নয়ন ফকির জানান, ওই কোম্পানির লোকজন জমির চারপাশের বিভিন্নভাবে বালু ভরাট ও পার্শ্ববর্তী খাল হতে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কৃষি আবাদের পথ বন্ধ করার চেষ্টা করে। এদিকে, জমি দখল বন্ধের জন্য পাচঁরুখী ৫ শতাধিক লোক গণস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করেছেন।
এই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক আলআমিনের ওপর হামলা করে সন্ত্রাসীরা। আহত আলআমিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদ করেছে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সাংবাদিকরা। তারা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।