কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কসহ চার গ্রাম রক্ষার দাবি

পদ্মার তীব্র ভাঙন থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কসহ জেলার চারটি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কের সাত মাইল নামক স্থানে সাহেব নগর নদীভাঙন প্রতিরোধ কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাহেবনগর গ্রামের বাসিন্দা ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজের প্রাক্তন দুই অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদ ও ডাক্তার আশরাফুল হক দারা, জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মওদুদ আহমেদ রাজিব, ইউপি আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম মানিক, সমাজপ্রধান সেকেন্দার মল্লিক প্রমুখ।

বক্তারা ভাঙনরোধে অতিসত্বর ব্যবস্থা গ্রহণসহ পদ্মার করাল গ্রাস থেকে সাহেবনগর, বারুপাড়াই, তালবাড়িয়া ও মুন্সিপাড়া গ্রামসহ কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়ক রক্ষার দাবি জানান। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান, প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা কমিশনে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন সাপেক্ষে ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে তিনি জানান।