চবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। 

সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৩০তম সভার সিদ্ধান্তক্রমে সব বিভাগ/ইনস্টিটিউটে ক্লাস শুরু হবে ২২ ফেব্রুয়ারি। 

ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন জানান, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যারা ভর্তি কার্যক্রম শেষ করবে তাদের নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির জন্য ডাকা হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। গত ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৫টি ধাপে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরেই সব পরীক্ষা অনুষ্ঠিত হয়।