রাবিতে প্রথম বর্ষে ভর্তির সময় ফের বাড়লো  

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এই তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে চতুর্থ দফায় ভর্তির সময় বাড়ানো হলো। এর আগে গত ১৩ জানুয়ারি তৃতীয় দফায় ভর্তির সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। তখন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলে (কোটা বাদে) ২১১টি আসন ফাঁকা ছিল।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান,  সোমবার দুপুর পর্যন্ত  ‘এ’ ইউনিটে ৬৭টি এবং ‘বি’ ইউনিটে ২৫টি মিলে সর্বমোট ৯২টি আসন শূন্য ছিল। তবে ‘সি’ ইউনিটে কোনো আসন শূন্য নেই।

রাবির একাডেমিক সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগেই অনুষ্ঠিত হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় এখানে ভর্তি বাতিল করছে।