জেব্রার মৃত্যু: বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক প্রাণী মারা যাওয়ার ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে এক প্রশাসনিক আদেশে এটি কার্যকর করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন বন অধিদফতরের অর্থ ও প্রশাসন বিভাগের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ। এ সময় তিনি জানান, ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে তার স্থলে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, জানুয়ারির প্রথম সপ্তাহে ৩টি ও পরপর আরও ৮ টি জেব্রার মৃত্যু হয় এই পার্কে। অজ্ঞাত রোগে মারা যায় একটি বাঘও। আর চাঞ্চল্যকর এমন রহস্যজনক ঘটনা ঘটলেও পার্ক কর্তৃপক্ষের লোকজন এসব এড়িয়ে যায়। এমনকি প্রত্যাহারকৃত এসিএফ তবিবুর রহমান সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেয়। এছাড়া তিনি তার মনোনীতদের দিয়ে যাচ্ছেতাই টাইপের মনগড়া রিপোর্ট করায়। 

পরবর্তীতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও এখনো মৃত্যুর সঠিক কারণ চিহ্নিত করা সম্ভব হয়নি।

ঘটনার পেছনে তবিবুরের সংশ্লিষ্টতার জন্য সাধারণের সন্দেহের তীর সংক্রান্ত রিপোর্ট দৈনিক ইত্তেফাকের ৩১ তারিখের পত্রিকায় ছাপা হলে সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয় নেড়েচেড়ে বসার পরই এমন সিদ্ধান্ত বের হয়ে আসলো।