তিন মাস ধরে বেতন পাচ্ছে না শ্রমিকরা

গাজীপুরে কোম্পানির মালিকের মুক্তির দাবিতে শ্রমিকদের মানববন্ধন

গাজীপুরে বিএনএস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল কেমিক্যাল ম্যানু. কোং লি. এবং এবিকো ইন্ডাষ্ট্রিজ লি. এর শ্রমিকরা। তাদের মালিক দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় তিনমাস ধরে বেতন পাচ্ছে না শ্রমিকরা। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। 

সোমবার (৩১ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর কুনিয়া বড়বাড়ী এবং চান্দনা চৌরাস্তার টেকনগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

এ সময় কয়েকশ শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন-কারখানার ইনচার্জ সিদ্দিকুর রহমান, কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিউদ্দিন, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, রাসেল মিয়া ও আব্দুল আলী প্রমুখ।

শ্রমিক-কর্মচারীরা তাদের কারখানার মালিক এমএনএইচ বুলুকে মুক্তি দিয়ে প্রতিষ্ঠানসহ হাজারো শ্রমিকের পরিবার নিয়ে বেঁচে থাকার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।