নির্বাচনে কারচুপির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে বিচার শুরু হবে। সোমবার (৩১ জানুয়ারি) এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজন এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি দেশটির আদালতে এই বিচার শুরু হবে।
গত বছরের ১ ফেব্রুয়ারি সুচির নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করে মিয়ানমারের সেনাবাহিনী। এর পর সুচি ও তার মন্ত্রী পরিষদের সদস্য, দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়৷ নোবেলজয়ী নেত্রী সুচি সেই থেকে কারাগারে।
আটক করার কয়েকদিন পর অবৈধ ওয়াকিটকি সঙ্গে রাখা এবং ২০২০ সালের নির্বাচনি প্রচারের সময় করোনাবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয় সুচির বিরুদ্ধে৷ তারপর একে একে যোগ করা হয় নতুন নতুন অভিযোগ। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নির্বাচনে কারচুপি, অবৈধ স্বর্ণ এবং অর্থ (ছয় লাখ ডলার) গ্রহণসহ বেশ কিছু অভিযোগে মামলা করা হয় তার বিরুদ্ধে।
মামলাগুলোয় দোষী সাব্যস্ত হলে বাকি জীবন কারাগারেই কাটাতে হতে পারে সুচিকে।