করোনায় আক্রান্ত কাজী রোজী লাইফ সাপোর্টে 

একুশে পদকপ্রাপ্ত কবি, সাবেক সংসদ সদস্য কাজী রোজী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গতকাল কাজী রোজীর মেয়ে সুমী সিকানদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,‘ মার একদিন আগে করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিন্তু এর আগে থেকেই তিনি নানান জটিল অসুস্থতায় আক্রান্ত ছিলেন। মাল্টিপাল অর্গান প্রবলেমের কারণে তিনি নিজে শ্বাস নিতে পারছেন না।’ তিনি মায়ের রোগমুক্তির জন্য বন্ধু-পরিজনদের কাছে দোয়া কামনা করেছেন।

কবি কাজী রোজীর জন্ম সাতক্ষীরায় ১৯৪৯ সালের পহেলা জানুয়ারি । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ পাশ করেন। সরকারি চাকরি করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন।

১৯৬০ সালের দশকে কবিতা লেখা শুরু করেন। তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালে একুশে পদক পান।