ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় আবু সাইদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আবু সাইদকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য এক অপরাধে ৫ বৎসরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মামুনুর রশিদ। মামলায় অপর দুই আসামি আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলীকে খালাস দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ (২৮)হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে। খালাসপ্রাপ্ত আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলী হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বাসিন্দা ।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১৮ সালের ২ জুলাই গ্রামীণ ব্যাংকের রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন সোনালী ব্যাংকের নেকমরদ শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে নেকমরদ থেকে মহারাজা হাটের উদ্দেশে রওনা দেন।
এরপর তারা দূর্লভপুর নামক স্থানে পৌঁছালে আসামি আবু সাইদ দ্রুতগামী মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে আগ্নেয়াস্ত্র দিয়ে একরাউন্ড ফাঁকা গুলি করে তাদের ভয় দেখিয়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন চিৎকার দিতে দিতে তাদের ধাওয়া করতে থাকে। এরপর আরাজি চন্দন হটগ্রামে পৌঁছালে পুলিশের চেকপোষ্ট দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে আসামিরা।
পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আবু সাইদ ও আসাদুজ্জামান লিটনকে আটক করে। এরপর আবু সাইদ এর কাছ থেকে একটি ম্যাগজিনযুক্ত বিদেশী পিস্তল ও গুলি এবং আসাদুজ্জামান লিটন এর কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করা হয়। পরে রাণীশংকৈল থানায় এসআই আসগর আলী বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন।