শরীয়তপুরে ভোটকেন্দ্রে হামলা: দুই প্রার্থীসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় দুই পরাজিত সদস্য প্রার্থীসহ ২৭ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইমাম হোসেন বাদী হয়ে সদরের পালং মডেল থানায় মামলাটি দায়ের করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী ধনু মাদবর ও তার সমর্থক আজিবর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সদর উপজেলার চিকন্দি ইউপি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পাঁচজন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিকাল সাড়ে ৫টার দিকে বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন ভোটের ফলাফল ঘোষণা করেন। সদস্য প্রার্থীদের ফলাফল ঘোষণা করা শেষ হলে কেন্দ্রের বাহিরে থাকা পরাজিত প্রার্থীদের সমর্থকরা ভোটকেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলাকারীরা ভোটকেন্দ্রের মাঠে থাকা পুলিশ ও সহকারী প্রিসাইডিং অফিসারদের চারটি মোটরসাইকেল এবং ভোটের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে তারা আরেকটি মোটরসাইকেল ভাঙচুর করে পানিতে ফেলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইমাম হোসেন বাদী হয়ে সদরের পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সদস্য প্রার্থী হাফিজ উদ্দিন ও ধনু মাদবরসহ ২৭ ব্যক্তি ও অজ্ঞাত অনেক ব্যক্তিকে আসামি করা হয়।

প্রিসাইডিং অফিসার ইমাম হোসেন বলেন, ইভিএমে ভোট নেওয়া হয়েছে। ভোট শেষে ফলাফলের প্রিন্ট কপি প্রার্থীদের এজেন্টের কাছে দেওয়া হয় এবং ওই ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে একদল দুর্বৃত্ত ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল বোমার বিস্ফোরণ ঘটাতে থাকে। তাদের হামলায় পুলিশ সদস্যরা আহত হয়। একটি ট্রাক ও চারটি মোটরসাইকেল পুরিয়ে দেয় তারা। যারা হামলা করেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আক্তার হোসেন বলেন, চিকন্দি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী হাফিজ উদ্দিন ও ধনু মাদবরের সমর্থকরা হামলা চালিয়েছে। তাদের ও তাদের সমর্থকদের বিরুদ্ধে প্রিসাইডিং কর্মকর্তা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।