কুমিল্লায় প্রাইভেটকারে ৪০০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা পাচারকালে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ফলতা পাড়ার শহিদুল মিয়ার ছেলে মো. আলমগীর (৩৫), একই উপজেলার চরকামালদি গ্রামের নূরে আলমের ছেলে মিয়া (২৬) ও শেখের হাট গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে রিফাত (২৪)।
র্যাব জানায়, প্রাইভেটকারে করে মাদকের একটি বড় চালান যাচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম মঙ্গলবার ভোর রাতে মহাসড়কের কোটবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা প্রাইভেটকারের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ওই ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। বিকালে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।