ববির ‘ময়ূরাক্ষী’ অভিযান শুরু

জ্বলে ঊঠল লাইট, প্রস্তুত ক্যামেরা। এভাবেই শুরু হয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রথম দিনের শুটিং। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সারাদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বিভিন্ন লোকেশনে হয়েছে চিত্রায়ন।

প্রথম দিনে এতে অংশ নিয়েছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি, শিরিন শিলা, দেবাশীষ দ্বীপ এবং নানাশাহ।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, সমসাময়িক গল্প। অনেকগুলো বিষয় উঠে এসেছে। অনেকগুলো বার্তা আছে। আমরা চেষ্টা করছি গল্পে অনেকগুলো বিষয় তুলে ধরার।

গল্পে নিজের চরিত্রেই দেখা যাবে ববিকে। গোলাম রাব্বানীকে দেখা যাবে পরিচালক নাবিল আহমেদ চরিত্রে। সুরভী চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। প্রেম ও প্রতারণা গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।

ইয়ামিন হক ববি ও রাশিদ পলাশ। ছবি: ইত্তেফাক

নিজের চরিত্রটি নিয়ে ববি বলেন, গ্ল্যামারই তো বাইরে থেকে আমরা দেখি। আমি নিজে একজন অভিনেত্রী হয়ে এটা অনুভব করি। একজন নায়িকার উঠানামা তুলে ধরা হয়েছে এ সিনেমায়। গ্ল্যামার, ইমোশন, রিলেশনশীপের ক্রাইসিস সব আছে।

সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘মঙ্গলবার শুধু এফডিসিতেই হবে শুটিং, এরপর একটি রিসোর্টে দৃশ্যধারণের পরিকল্পনা করা হচ্ছে। অধিকাংশ কাজ সেখানেই হবে।’

গত ১ ডিসেম্বর মহরত অনুষ্ঠানে পরিচালক বলেছিলেন, ‘সিনেমায় একটি বিমান ছিনতাইয়ের ঘটনা আছে, কিন্তু এটি সেই ঘটনা নিয়ে নির্মিত কোনো সিনেমা নয়। এটি পুরোপুরি একটি প্রেমের গল্প।’