অবশেষে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি রাজশাহীর শাখার তিন কক্ষের ক্যাম্পাস উচ্ছেদ করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মহানগরীর ভদ্রা মোড়ের ৪০২ নম্বর বাড়ির চারতলায় অবস্থিত ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তালা লাগিয়ে সিলগালা করা হয়। এর আগে রাজশাহীর ক্যাম্পাসটি অবৈধ ঘোষণা করে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
অভিযান টিম সূত্র জানায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আলোচিত রাজশাহী ক্যাম্পাসে তারা দুটি শ্রেণিকক্ষে মোট ২০টি চেয়ার, অপর একটি কক্ষে দুটি কম্পিউটার নিয়ে ভর্তির কার্যক্রম ও দাপ্তরিক কাজ পরিচালনা করছিল কথিত কর্তৃপক্ষ। শাখা প্রতিষ্ঠানটির মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা চারজন। অভিযোগ রয়েছে, দালালদের কমিশন দিয়ে এখানে ছাত্রভর্তি কার্যক্রম চালানো হতো। শুধু কি তাই? কোন স্থায়ী শিক্ষক নিয়োগ না দিয়ে ক্লাশপ্রতি ৫০০ টাকা সম্মানীর বিনিময়ে সদ্য পাস করা শিক্ষার্থীদের দিয়ে বিবিএ, ইংরেজি সাহিত্যের মতো বিষয়ে ক্লাশ নেয়ানো হতো।
রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ওই অবৈধ শাখা ক্যাম্পাসটি উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়। এরপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই শাখা ক্যাম্পাসটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে প্রিমিয়ার ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাসের নির্বাহী পরিচালক দাবিদার ইব্রাহীম শেখ বলেন, রাজশাহী ক্যাম্পাসটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শাখা। যদিও তিনি তার বক্তব্যের সমর্থনে কোন কাগজপত্র ভ্রাম্যমান আদালতকে দেখাতে পারেননি।
ক্যাম্পাসের নির্বাহী পরিচালক আরো বলেন, ক্যাম্পাসটি মাত্র একবছর আগে চালু হয়েছে। এ পর্যন্ত পাঁচটি বিষয়ে ৪৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের মধ্যে নিয়মিত ৪৩ জন। বাকি ৬ জন ভর্তি হলেও আর আসেননি। স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়ায় শিক্ষকদের ক্লাশপ্রতি ৫০০ টাকা দেয়া হতো। তবে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বা নিয়োগপত্রের কোন কাগজপত্র তিনি দেখাতে পারেননি।