শাহজালাল ও কমলাপুরে ১২ কেজি সোনাসহ আটক ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশনে প্রায় ১২ কেজি সােনাসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সকালে সাড়ে সাত কেজি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে। অন্যদিকে, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মো. শাহীন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ সকালের দিকে ৪০টি সোনার বারসহ তাকে আটক করে রেলওয়ে পুলিশ। আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশীথায় চট্টগ্রাম থেকে সকালে ঢাকায় আসেন তিনি। সোনাগুলোর ওজন সাড়ে চার কেজি।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, মালয়েশিয়া ফেরত এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলামিন নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের বাসাদ মিয়ার ছেলে।
মহাপরিচালক মইনুল খান বলেন, আলামিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ভোর ৬টায় ঢাকা পৌঁছান। বিমানবন্দরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক কেজি ওজনের পাঁচটি, আধা কেজি ওজনের একটি এবং ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন সাত কেজি ৩০০ গ্রাম। এসব সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি ৬৫ লাখ টাকা।
এদিকে, ঢাকা রেলওয়ে থানার ওসি মো. আবদুল মজিদ জানান, আজ সকাল পৌনে ৮টার দিকে শাহীনকে আটক করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথার এক যাত্রীর কাছে সোনা রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। ট্রেনটি কমলাপুর স্টেশনে আসালে শাহীনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ট্রেন থেকে নামিয়ে তার দেহ তল্লাশি করা হয়। তার কোমরে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়।
ওসি আরো জানান, সোনাগুলোর ওজন সাড়ে চার কেজি। এগুলো আনুমানিক বাজারমূল্য দুই কোটি চল্লিশ লাখ টাকা।