মিশরের সিনাই পেনিনসুলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। হতাহতদের মধ্যে রাশিয়া, ইয়েমেন ও সৌদি আরবের নাগরিক রয়েছেন। খবর: রয়টার্স।
মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেনা জানিয়েছে, শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহামেদ লাসিনের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। আহতদের ওই এলাকার দুইটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো লাশ দুর্ঘটনাস্থল থেকে তুলে আনা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
সংবাদমাধ্যম জানায়, অবকাশযাপন কেন্দ্র শার্ম এল-শেখ থেকে ৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ইউক্রেন, দুইজন সৌদি এবং এবং একজন ইয়েমেনের নাগরিক রয়েছেন।
দুর্ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।