ক্যান্সার মানেই মৃত্যু নয়-ক্যান্সারও সারিয়ে তোলা সম্ভব। এই শ্লোগান নিয়ে বাংলাদেশিদের মাঝে ক্যান্সার রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও রোগ নির্ণয় বিষয়ক বহুমুখী পরিসেবা দেয়ার জন্য ভারতের পশ্চিম বাংলার বারাসাত ক্যান্সার রিসার্চ এ্যান্ড ওয়েল ফেয়ার সেন্টারের ২২ সদেস্যর একটি মেডিক্যাল টিম বৃহস্পতিবার সন্ধায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ।
ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্ময়ে গঠিত দলটি নড়াইল প্রেসক্লাব, খুলনা ক্লাব লিমিটেড এবং ঢাকার নবাবগঞ্জ এলাকার প্রদীপ নামে একটি এনজিওর আমন্ত্রণে বাংলাদেশে এসেছে।
বৃহস্পতিবার সন্ধা ছয়টায় ডাক্তার প্রবির বিজয় করের নেতৃত্বে তারা বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছালে বেনাপোল ও নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের অভ্যর্থনা জানান।
আজ শুক্রবার সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নড়াইল প্রেস ক্লাব, জেলা প্রশাসন ও ডায়বেটিক রোগী কল্যান সমিতির উদ্যোগে নড়াইল সদরের মহিশখোলায় অবস্থিত ডায়াবেটিক রোগী কল্যান সমিতির কার্যালয়ে পূর্বে নিবন্ধনকৃত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন।
আগামীকাল শনিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খুলনা ক্লাব লিমিটেডের আয়াজনে ক্লাব চত্বরে চিকিৎসা সেবা প্রদান করবেন।
আগামী রবিবার সকালে দলটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সোমবার ঢাকার নবাবগঞ্জ এলাকার প্রদীপ নামের এনজিও কার্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্রি চিকিৎসা করবেন।
২২ সদস্যের ক্যান্সার বিশেষজ্ঞ দলে রয়েছেন, ডাক্তার প্রবির বিজয় কর, অনয় গুপ্ত, হেনা কারিয়া, তরুন কুমার দাস, প্রনব কুমার দাস, অমিতাব ভট্টাচার্য, গৌতম ঘোস ও অমিতাব রায়। এছাড়া সহকারী হিসাবে রয়েছে আরো ১৪ জন ।
চিকিৎসা সেবা শেষে আগামী বুধবার দলটি বিমানে করে ঢাকা ত্যাগ করবেন।