বলিউড লাভার বয়, নির্মাতা ও অভিনেতা আমির খান গত বুধবার তার অভিনীত 'পিকে' সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছেন। সিনেমাটি মুক্তির আগে ১০টিরও বেশি পোস্টার প্রচার হবে এবং প্রতিটি পোস্টারের পিছনেই স্বতন্ত্র গল্প রয়েছে। খবর জিনিউজের।
আমির খান বলেন, 'আমাদের প্রকাশিত প্রতিটি পোস্টারের ছবির মধ্যেই একটি গল্প আছে। আমরা পোস্টার কেম্পাইন করবো এবং সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত আট থেকে ১০টি পোস্টার প্রকাশ করা হবে।'
প্রথম প্রকাশিত পোস্টারে আমিরে বস্ত্রহীন অবস্থায় পুরানো আমলের একটি টেপরেকর্ডার হাতে লজ্জা নিবারণ করছেন। আর দ্বিতীয় পোস্টারে রোদ গ্লাস চোখে সোনালী রঙের ভেঁপু হাতে সাদা পায়জামার সাথে গায়ে লাল আঙরাখা পরিহিত আমিরকে দেখা যায়।
পোস্টার প্রকাশ সম্পর্কে আমির বলেন, 'যত পোস্টার প্রকাশ হবে মানুষ ততই বিভ্রান্ত হবে। সিনেমাটি উপভোগের পরই এই প্রকাশিত পোস্টারের 'নীতিশাস্ত্রে'র জট খুলবে।'
দর্শকদের উদ্দেশ্য করে আমির আরো বলেন, 'কেউ পোস্টারটি পছন্দ করেছে কেউ পছন্দ করেনি, কিন্তু যখন সিনেমাটি উপভোগ করবে তখন তোমরা বুঝবে।'
প্রথম পোস্টারের সমালোচনার ব্যাপারে আমির বলেন, 'ফেসবুক ও ইন্টারন্টে ভিন্ন রকম মন্তব্য ছিল, কিছু কৌতুক রসাত্মক বিষয় ছিল। আমি উপভোগ করেছি।'
তিনি আরো বলেন, 'প্রথম পোস্টার প্রকাশের পর আমরা নীরব ছিলাম। তবে সব সন্দেহ দূর করতে তোমাদের করা সব প্রশ্নের উত্তর দেয়ার কথা ভেবেছিলাম।'