ইউক্রেনে রুশ ত্রাণবহর নিয়ে ক্ষুব্ধ পশ্চিমা বিশ্ব

বিনা অনুমতিতে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়া ত্রাণবহর পাঠানোয় পশ্চিমা শক্তিসমূহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। আজ শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র একে ইউক্রেনের সার্বভৌমত্বে জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছে এবং মস্কোকে তার ত্রাণবাহী দল ফেরত নেয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

ত্রাণবহর সরিয়ে নেবার জন্য আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র বলছে, এর মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছে।

যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার বেন রোডেস বলেছেন, গাড়ি বহর সরিয়ে না নিলে রাশিয়া আরো নিষেধাজ্ঞার মুখে পড়বে।

অন্যদিকে, ন্যাটো বলেছে, রাশিয়ার এই আচরণের ফলে সংকট আরো বাড়বে।

রাশিয়ার পাঠানো ত্রাণবাহী লরির প্রথম অংশ গতকাল শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্কে পৌঁছেছে।

এই পরিস্থিতি এক জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

প্রায় ১০০টি গাড়ি নিয়ে যে ত্রাণ বহর পাঠিয়েছে রাশিয়া। সেখানে অস্ত্র ও যুদ্ধ-সরঞ্জাম রয়েছে এবং পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সাহায্য করতেই এগুলো পাঠানো হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।

কিন্তু রাশিয়া বলছে, অস্ত্র নয় ঐ বহরে তারা খাবার ও পানীয় পাঠিয়েছে।