সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণাঞ্চল থেকে ৪০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের অধিকাংশই আফ্রিকান। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে শুক্রবার এ কথা জানানো হয়। খবর: এএফপির।
আরব নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার রিয়াদের মানফুহা জেলায় অভিযান চালিয়ে পুলিশ ৪০০ অবৈধ অভিবাসীকে আটক করে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দৈনিকটির খবরে আরো বলা হয়, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান, স্পন্সর জোগাড়ে ব্যর্থতা ও চাকরি খোঁজাসহ নানা কারণে তাদের গ্রেফতার করা হয়। অপরাধের ওপর নির্ভর করে তাদের জরিমানা অথবা বহিষ্কার করা হতে পারে।