সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ইউরোপের ব্যয়বহুল শহর ব্রিটেনের লন্ডন। সম্প্রতি পোস্ট অফিস বাই ট্রাভেল মানির একটি জরিপে এই কথা জানানো হয়েছে। জরিপে ইউরোপের প্রধান ১২টি শহরকে বিবেচনায় আনা হয়েছে। শুক্রবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, লন্ডনের একটি আর্ট গ্যালারি, একটি জাদুঘর, একটি ঐতিহ্যবাহী স্থান, অপেরা, ব্যালে ও একটি কাসিক্যাল কনসার্টের জন্য দুইজন মানুষকে ২৫৬ পাউন্ড খরচ করতে হবে।
জরিপে বলা হয়, লন্ডনে কিছু আর্ট গ্যালারি ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশাধিকার থাকা সত্ত্বেও সেখানকার খরচ অনেক বেশি।
অন্যদিকে সবচেয়ে কম খরচে সাংস্কৃতিক ভ্রমণের জন্য পোল্যান্ডের ওয়ারসো শহরের নাম উঠে এসেছে। এই শহরে সাংস্কৃতিক কর্মকা-ের জন্য এখানে খরচ পড়বে ৭০ পাউন্ড। এছাড়া বুদাপেস্টে ৮০ পাউন্ড, প্রাগে ৯৩ পাউন্ড এবং ডাবলিন ১০২ পাউন্ড খরচ হবে।
পোস্ট অফিস ট্রাভেল মানির অ্যান্ড্রু ব্রাইন বলেছেন, বিশ্বমানের সাংস্কৃতিক আর্কষণের ১২টি শহরের ওপর এই জরিপ চালানো হয়ছে।
জরিপে বলা হয়, লন্ডনের রয়েল ব্যালেটের দুইটি টিকিটের মূল্য ৯১ পাউন্ড, সেখানে অপেরা টিকেটের দুই জনের মূল্য ১১৭.৫০ পাউন্ড। অন্যদিকে, বুদাপেস্টে ব্যালেটের যাওয়ার জন্য দুইজনের খরচ পড়বে ১৫ পাউন্ড ও ওয়াসোর অপেরাতে যেতে ২০ পাউন্ড খরচ হবে।
২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ২১ শতাংশ খরচ কমে গেলেও ১২ শহরের মধ্যে লন্ডন খরচের দিক থেকে শীর্ষে অবস্থান করছে।
রোম ও ভিয়েনাতেও একই সময়ের মধ্যে যথাক্রমে ৩৬.১ শতাংশ ও ২৭.৩ শতাংশ কমে গেছে। তবে আমস্টারডামে ৩৭.৩ শতাংশ খরচ বৃদ্ধি পেয়েছে।