সাতক্ষীরার মাছখোলায় ডাকাত বাহিনী প্রধান আবু দাউদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার মাছখোলা এলাকায় দুর্বৃত্তরা আবু দাউদকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু দাউদ সাতক্ষীরার পার মাছখোলা গ্রামের সোলায়মান গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, আবু দাউদ রাতে পার মাছখোলা গ্রামের একটি মৎস্য ঘেরে রাত্রি যাপন করতেন। সেখানে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আবু দাউদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ডজনখানেক মামলা রয়েছে।