বগুড়ার শাজাহানপুর উপজেলায় আবুল কাশেম (২২) নামে বগুড়া সরকারী প্যারামেডিকেল কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে পিতা পুত্রসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নে নন্দকুল গ্রামে একটি জুট মিলের পিছনে হত্যাকাণ্ডের এই ঘটানাটি ঘটেছে। নিহত শিক্ষার্থী আবুল কাশেম (২২) ওই গ্রামের ঠান্ডু তালুকদারের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন, একই গ্রামের মৃত হামেদ আলীর ছেলে মকবুল হোসেন (৫৫), তার দুই ছেলে মানিক রতন (৩০) ও লিটন (২৮) এবং মকবুলের ছোট ভাই সাখাওয়াত হোসেন (৪৮)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে আবুল কাশেম বগুড়া সদরের হরিগাড়ী থেকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে আসা মাত্র দুর্বৃত্তরা তাকে রাম দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকবাবে তথ্য প্রমাণ মিলেছে। জমিজমা নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষের সাথে নিহতের পরিবারের বেশ কয়েকটি মামলা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের প্রতিপক্ষ মকবুল হোসেনসহ তার দুই ছেলে ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিঞ্জাসাবাদ চলছে।