খালেদা-তারেক আবোল তাবোল বকছেন: তথ্যমন্ত্রী

 
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততা ধামাচাপাসহ তার দুষ্কর্ম আড়াল করতেই খালেদা জিয়া ও তারেক রহমান ‘আবোল-তাবোল’ বকছেন। জনগণকে বিভ্রান্ত করার আস্ফাালন দেখাচ্ছেন। আজ  মঙ্গলবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।  
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও এর প্রধান হাসানুল হক ইনুকে জড়িয়ে সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 
হাসানুল হক ইনু প্রশ্ন রেখে বলেন, হঠাত্ করে মা-ছেলে কেন জাসদ ও আমাকে নিয়ে আবোল-তাবোল বলছেন? কেন অস্থিরতা প্রকাশ করছেন? বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান যে জড়িত ছিলেন সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পেরে এবং ওই ঘটনা ধাপাচাপা দিতেই তারা আবোল-তাবোল বলছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার এক অনুষ্ঠানে বলেন, ইনুরা বলেছিল, শেখ মুজিবের লাশ কবর না দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে। আজ এই মতিয়া-ইনু আওয়ামী লীগের দোস্ত হয়েছে। কাফফারা দিয়ে মন্ত্রী হয়েছেন, নিজেদের মন্ত্রীত্ব ঠিকিয়ে রাখতে আওয়ামী লীগের জন্য দরদে ফেটে পড়ছেন। এর জবাবে হাসনুল হক ইনু বলেন, আমরা হালুয়া-রুটির ভাগবাটোয়ার জন্য মহাজোটে অংশগ্রহণ করিনি। রাজনৈতিক কারণেই আমরা বিরোধিতা করি, রাজনৈতিক কারণেই আওয়ামী লীগের সঙ্গে জোট করি। তিনি বলেন, যখন খালেদা জিয়া জনগণের উপর স্টিম রোলার চালানো শুরু করে তখন আমরা আওয়ামী লীগকে সমর্থন করি। এটা আমাদের রাজনৈতিক সমর্থন এবং করে যাবো।