পরিকল্পনামন্ত্রী দেখালেন অর্থনীতির ‘অবিশ্বাস্য গতি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে চলতি ২০১৪-১৫ অর্থবছরের ষষ্ঠ একনেক সভার শুরুতেই পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল তার উপস্থাপনা হাজির করেন।

একনেক সভার যে ব্যানার টানানো হয়েছিল, তাতেও অর্থনীতির সাফল্যগাথার তথ্য দিয়ে সাজানো হয়েছিল। পরিকল্পনামন্ত্রী তার প্রায় ২০ মিনিটের এ উপস্থাপনায় ‘এক অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি’ শীর্ষক ওই উপস্থাপনায় জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, রপ্তানি আয়, রাজস্ব আদায়, রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি হ্রাস, বাজেটের আকার, এডিপি বাস্তবায়নের হার বৃদ্ধিসহ অর্থনীতির অন্যান্য সূচকের খতিয়ান তুলে ধরা হয়। এছাড়া বিদ্যুৎ, খাদ্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকের সংখ্যা হ্রাস, মানুষের গড় আয়ু ও শিক্ষার হার বৃদ্ধি এবং বেকারত্বের হার কমার বিষয়টিও এসেছে।
পরিকল্পনামন্ত্রীর উপস্থাপনায় বলা হয়েছে, ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশের জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। ২০০৯ থেকে ২০১৪ সালে তা বেড়ে ৬ দশমিক ২ শতাংশ হয়েছে। ২০০৬-০৭ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১২ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০১৩-১৪ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৩০ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০০৬-০৭ অর্থবছরের ৬ বিলিয়ন ডলারের প্রবাসী আয় দ্বিগুণেরও বেশি বেড়ে গত অর্থবছরে (২০১৩-১৪) হয়েছে ১৪ দশমিক ২ বিলিয়ন ডলার। রাজস্ব আদায় ৪৯ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৭ হাজার কোটি টাকা হয়েছে। মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১১৯০ ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের বেশি। তবে অর্থনীতির এই সূচকগুলোর কোনোটি ২০০৮-০৯ অর্থবছরের সঙ্গে ২০১৩-১৪ অর্থবছরের তুলনা করা হয়েছে। কোনো সূচক আবার ২০০৬-০৭ অর্থবছরের সঙ্গে ২০১৩-১৪ অর্থবছরের তুলনা করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, পরিকল্পনামন্ত্রীর উপস্থাপনা সম্পর্কে প্রধানমন্ত্রী সভায় বলেন, এতে দেশের উন্নয়নের সামগ্রিক একটা চিত্র ফুটে উঠেছে। তবে এটি আরো সহজভাবে উপস্থাপন হলে ভাল হত। সব সূচক একই সময়ের সঙ্গে তুলনা করলে আরো ভাল হত। “এ সময় প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘আমাদের মন্ত্রীরা টক শো-তে যান। তাদের এ সব তথ্য জানা থাকলে কথা বলতে সুবিধা হবে’।”
 
একনেকের এ সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।