ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

থ্রি-হুইলার, শ্যালো ইঞ্জিন চালিত নছিমন, করিমনসহ অনুমোদনবিহীন যানবাহন চলাচলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার রাত থেকে মোটর মালিক ও শ্রমিকদের ডাকে এ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে জেলার পাঁচ উপজেলার অভ্যন্তরীণ সব রুট ও ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
ঠাকুরগাঁও মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা জানান, বিভিন্ন রুটে থ্রি-হুইলার, নছিমনসহ অবৈধ বিভিন্ন যানবাহন চলাচল করায় মিনিবাসগুলো লোকসানের মুখে পড়েছে। এজন্য দীর্ঘদিন ধরে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে মোটর শ্রমিক ও মালিক সংগঠনগুলো।
ঠাকুরগাঁও মোটর মালিক সমিতির সভাপতি রাম বাবু জানান, শ্রমিক ও মালিকদের যৌথ আলোচনার মাধ্যমে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। প্রশাসন অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অব্যাহত থাকবে এ ধর্মঘট।