ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কর্মকর্তার ৭ বছরের দণ্ড

অর্থ আত্মসাত্ মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামিক ব্যাংক) সাবেক ছয় কর্মকর্তাকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হারুন, সিনিয়র অ্যাসিসট্যান্ট ভা?ইস প্রেসিডেন্ট আবুল কাশেম মোহাম্মদ উল্লাহ, সহকারী ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, মাহমুদ হোসেন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কামরুল হোসেন ও উপ-ব্যবস্থাপক ইমামুল হক। দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সালের ৫(২) ধারায় আসামিদেরকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেয়া হয়। এছাড়া মামলার অপর আসামি ঋণ গ্রহীতা বকর হোসেনকে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারার অভিযোগে দশ বছরের দণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে সাত আসামির প্রত্যেককে ১৪ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামিরা সকলে পলাতক রয়েছেন। রায় ঘোষণার পরই আদালত সকলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা গ্রেফতার বা আত্মসমর্পণ করার পর থেকে এ দণ্ডাদেশ কার্যকর হবে বলেও রায়ে উল্লেখ করা হয়। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেয়া হয় বলে জানান আইনজীবীরা।
২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের তত্কালীন সহকারী পরিচালক আক্তার হামিদ   রাজধানীর মতিঝিল থানায় আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা নিজেদের মধ্যে যোগসাজশে বকরের ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানের নামে একই দিনে ১ কোটি টাকা ঋণের আবেদন, অনুমোদন ও উত্তোলন করে অর্থ আত্মসাত্ করেন। মামলার তদন্ত শেষে গত বছরের ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আক্তার হামিদ ভুঁইয়া আসামিদের বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করেন। এতে বলা হয়, পরস্পর যোগসাজশে ২০০৫ সালের ১৬ এপ্রিল হতে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত আসামিরা মেসার্স বকর হোসাইন নামীয় অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের নামে অসত্ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গকরত অবৈধভাবে তড়িঘড়ি করে ঋণ প্রস্তাব প্রেরণ ও মঞ্জুরি প্রদানপূর্বক ব্যাংকের এক কোটি টাকা আত্মসাত্ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
গত বছরের ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। গত ৩০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে সাক্ষ্য নেয়া হয় মোট ৯ জনের। সাক্ষ্য ও জেরা পর্যালোচনা করে গতকাল এ রায় ঘোষণা করা হয়। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী কবির হোসাইন।
এদিকে দুদকের দেয়া তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক থেকে আনুমানিক ৩৪ কোটি টাকা আত্মসাত্ করা হয়। এ অর্থ আত্মসাতের ঘটনায় মোট ৩৪টি মামলা দায়ের হয়, যার আটটিতে গত বছর অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তারা। ২০০৯ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম বদলে আইসিবি ইসলামিক ব্যাংক রাখা হয়।