বেতনের দাবিতে অনশনে শ্রমিকরা

আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত সোনিয়া ফাইন নিট কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে কারখানার সামনে অনশন করছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার মূল ফটকে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছে তারা।
 
শ্রমিকরা জানান, শ্রম আইন মোতাবেক ন্যূনতম মজুরির দাবিতে অব্যাহত আন্দোলনের মুখে গত ১৮ আগস্ট কোনো প্রকার বেতন-ভাতা পরিশোধ না করেই অবৈধভাবে কারখানা বন্ধ ঘোষণা করে সোনিয়া ফাইন নিট লি. কারখানা। কারখানার মালিক মো. মাহাবুবুর রহমান বহিরাগত সন্ত্রাসী দিয়ে আন্দোলনকারী শ্রমিকদের বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করছেন বলেও অভিযোগ করেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা।
শ্রমিকরা বলেন, আমাদের সমস্যা নিয়ে বিজিএমইএর কাছে জানানো হলেও মালিকপক্ষ কিংবা বিজিএমইএ শ্রমিকদের সাথে আলোচনা না করে চাকরি চ্যুতির ভয়-ভীতি প্রদান করে।
এর আগে একই দাবিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে কারখানাটির শ্রমিকরা।