শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি, সাভার চামড়া শিল্পনগরি, এপিআই শিল্পপার্ক, সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কসহ শিল্প মন্ত্রণালয়ের আওতায় গৃহীত সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, গুণগতমান বজায় রেখে এ সব প্রকল্প যে কোনো মূল্যে নির্ধারিত সময়ের মধ্যেই সমাপ্ত করতে হবে। কারো গাফিলতির কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে, ব্যর্থতার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি কর্মকর্তাদের সতর্ক করেন। সদ্য সমাপ্ত ২০১৩-২০১৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কর্পোরেশন ও সংস্থায় বাস্তবায়িত প্রকল্পগুলোর মূল্যায়ন সভায় সভাপতিত্বকালেঅ আজ বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তাগিদ দেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই’র কার্যক্রম জনগণের মধ্যে এখনো কাঙ্ক্ষিতভাবে দৃশ্যমান হয়নি। এ বিষয়ে সংস্থার কর্মকর্তা/কর্মচারিদেরকে কার্যকর উদ্যোগ নিতে হবে। শুধু গুটি কয়েক জায়গায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করলে এ সংস্থার দায়িত্ব শেষ হয়ে যায় না। তিনি ফরমালিনসহ খাবারে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক অভিযান জোরদারের জন্য বিএসটিআই’র কর্মকর্তাদের নির্দেশনা দেন। সভায় শিল্পমন্ত্রী শাহজালাল সার কারখানার নির্মাণ সমাপ্ত হওয়ার সাথে সাথে এটি নির্মাতা প্রতিষ্ঠান থেকে বুঝে নেয়ার জন্য প্রস্তুতি গ্রহনের নির্দেশনা দেন। তিনি বলেন, এ লক্ষ্যে দ্রুততার সাথে প্রকল্পের কারিগরি জনবল নিয়োগের পাশাপাশি তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তিনি নিয়োগের ক্ষেত্রে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরিতে কর্মরত দক্ষ জনবলকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর সিলেটের ফেঞ্চুগঞ্জে অত্যাধুনিক প্রযুক্তির শাহজালাল সার কারখানা নির্মাণ করা হচ্ছে। জ্বালানি সাশ্রয়ী এ নতুন সার কারখানা নির্মাণে ব্যয় হচ্ছে ৫ হাজার ৪শ’ ০৯ কোটি টাকা। ২০১৫ সালের জুন মাসে এটি সমাপ্ত হওয়ার কথা। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। বার্ষিক ৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন উত্পাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানা চালু হলে অভ্যন্তরীণ উত্পাদন থেকেই ইউরিয়া সারের চাহিদার বিরাট অংশ পূরণ করা সম্ভব হবে। নির্মাণ শেষে প্রকল্প দ্রুত বুঝে নিতে ইতোমধ্যে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাগিদ দেয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্ততন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা/কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
ইঅ/চৌফে/শ৩১৯