তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা নীতিমালা চান না, তারা স্বৈরাচারের দালাল। তিনি বলেন, কোনো বিষয়ে নীতিমালা হলেই একটি গোষ্ঠী হৈচৈ শুরু করে দেন। কারণ নীতিমালাটি বাস্তবায়িত হলে তাদের স্বৈরাচারি আচরণ বন্ধ হয়ে যাবে বলেই তারা এমনটি করে থাকেন।’
আজ বুধবার সকালে রাজধানীর সিনেট ভবন মিলনায়তনে ‘বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালার রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘যারা নীতিমালা মানেন না, তারা সংবিধানও মানেন না। দেশকে পিছনের দিকে টেনে ধরতেই তারা নীতিমালা না পড়ে শুধু রাজনৈতিক উদ্দেশে বিরোধীতা করছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যায়ন বিভাগ আয়োজিত এ বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব এবং মূল বক্তৃতা উপস্থাপন করেন আযোজক বিভাগের প্রধান অধ্যাপক এজেএম শফিকুল আলম ভূঁইয়া।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। তাই সরকারকে ৫০/৬০ বছরের পুরনো অনেক কিছুতেই পরিবর্তন ও সংস্কার আনতে হচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আধুনিক বাংলাদেশ গড়তে এসব পরিবর্তন করতে গিয়ে সরকারকে স্বৈরাচারি মনভাবাপন্ন ব্যক্তিদের রোষাণলে পড়তে হচ্ছে।’