তোবা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

তোবা গ্রুপের কারখানা বন্ধের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১৫টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের ব্যানারে গঠিত তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। তোবা গ্রুপের ১৬০০ শ্রমিকের কর্মসংস্থানের দাবিতে আগামী শুক্রবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও ৭ সেপ্টেম্বর সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করবে সংগ্রাম কমিটি। আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সাংবাদিক সম্মেলনে সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু এ ঘোষণা দেন। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখা এবং তা তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ব্যনারেই করা হবে বলে জানানো হয়।
এ সময় মোশরেফা মিশু বলেন, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী শ্রমিকদের কারখানা বন্ধ করাকে অবৈধ আখ্যা দিয়ে মালিক পক্ষের কারখানা বন্ধের নোটিশকে অবৈধ। অবিলম্বে কারখানা খুলে দিতে হবে। অন্যথায় লে-অফ ঘোষণা করা হলে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব ধরণের পাওনা পরিশোধ এবং কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের অন্য কারখানায় কর্মসংস্থানের দাবি জানান।
শ্রমিক সংগ্রাম কমিটির পক্ষ থেকে অন্য শ্রমিক সংগঠন ও সরকারের নৌ পরিবহন মন্ত্রীর তীব্র সমালোচনা  করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, কারখানা বন্ধের নোটিশের বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেনকে আইনি নোটিশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে এর জবাব দিতে হবে অন্যথায় তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করা হবে। গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে ওই আইনি নোটিশে তোবা গ্রুপের ৫ কারখানার ৫ জন শ্রমিক স্বাক্ষর করেন।
সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মন্টু ঘোষ, আহসান হাবীব বুলবুল, কল্যাণ দত্ত, শামীমা ইমাম, সুমন মল্লিক, তৌহিদুল ইসলাম, দীপক রায়, শহীদুল ইসলাম সবুজ ও জলি তালুকদার প্রমুখ।
 
ইঅ/চৌফে/শ২৩৭