লুত্ফুল কবিরের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ

 
 
 
 
গ্যাটকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক লুত্ফুল কবিরের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হকের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ রায় দেয়। একই সঙ্গে তার ক্ষেত্রে মামলার ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে আদালত। তবে আবেদনকারীর জামিন বহাল থাকবে।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতির মামলা দায়ের করে দুদক। এই মামলা বাতিল চেয়ে আবেদন করেন লুত্ফুল কবির। আবেদনের ওপর ২০০৮ সালের ১৩ আগস্ট হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। রুলের ওপর চূূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট এ রায় দেয়। লুত্ফুল কবিরের পক্ষে আইনজীবী দেওয়ান আবু নাসের ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।
খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, অন্য আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। এগুলো চূডান্ত নিষ্পত্তি হওয়ার পর মামলার কার্যক্রম চলতে পারে।
 
ইঅ/চৌফে/শ১৬০