৩৩তম বিএসএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিত্সকদের মধ্য থেকে শূন্য পদের চেয়ে বেশি চিকিত্সক নিয়োগ দেওয়ায় অনেককে ওএসডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট নীতিমালা মেনে ৬ হাজার ২৯ জন চিকিত্সকের পদায়ন হয়েছে। শূন্য পদের চেয়ে চিকিত্সকের সংখ্যা বেশি হয়েছে। বেতন-ভাতা উত্তোলনের সুবিধার জন্য অতিরিক্ত চিকিত্সকদের ওএসডি হিসেবে বিভিন্ন উপজেলায় সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিত্সক-সংকট দূর করার জন্য এই আদেশ জারি করা হয় বলে মন্ত্রণালয়ের দাবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যাডহক ভিত্তিতে আগে নিয়োগ পাওয়া যেসব চিকিত্সক বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিলেন, তারা যেন সুষ্ঠুভাবে তাদের কোর্স সম্পন্ন করতে পারেন, সে জন্য তাদের পূর্বের জায়গায় পদায়ন করা হয়েছে।
ইঅ/চৌফে/শ১২৫