সাভারের আশুলিয়ায় সরকারি জমি দখল করে আবাসন!

রাজধানীর উপকণ্ঠে সাভারের আশুলিয়ায় ১৫০ বিঘা সরকারি জমির ভুয়া কাগজপত্র বানিয়ে তাতে আবাসন প্রকল্প তৈরির চেষ্টা করছে প্রভাবশালী ব্যক্তিরা। এর পরও সরকারের পক্ষ থেকে ওই জমি রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সাভার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৬ সালে জাতীয় স্মৃতিসৌধ ও সেনানিবাসসহ সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য ঢাকার তৎকালীন জেলা প্রশাসক আশুলিয়ায় কয়েক শ একর জমি অধিগ্রহণ করেন। এর মধ্যে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ২০ গজ দূরে গল্ফ ক্লাবসংলগ্ন সেনওয়ালিয়া মৌজায় ৫৩ দশমিক ৩৬ একর জমিও রয়েছে। ১৯৮২ সালে তৎকালীন জেলা প্রশাসন থেকে ওই জমি থেকে ৪১ দশমিক ৯১ একর মাত্র তিন লাখ ৬৫ হাজার ২৯৬ টাকায় স্থায়ী বন্দোবস্ত নেয় চাঁদ গ্রুপের জালালাবাদ ব্রিকস অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রি।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, সাভারের আশুলিয়া থানার সেনওয়ালিয়া মৌজায় স্থানভেদে প্রতি শতাংশ জমির দাম প্রায় পাঁচ লাখ টাকা। সেই অনুযায়ী ১৫০ বিঘা জমির বর্তমান মূল্য ২২৫ কোটি টাকা।
সহকারী কমিশনার লিয়াকত আলী বলেন, দুটি আবাসন প্রকল্পের নামে জমি দখলের বিষয়টি তাঁরা তদন্ত করছেন। যেসব প্রতিষ্ঠান জমির দখলে আছে তারা এর মালিক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।