হত্যা মামলায় ১৪ আসামি জেলহাজতে

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার নুরুল আলম খোন্দকার হত্যা মামলায় ওই ইউনিয়নের ৩ মেম্বারসহ ১৪ আসামিকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে তারা কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়। আসামিরা হলেন, ইউপি মেম্বার লক্ষীপুরের বেলাল হোসেন, আলকরার রফিকুল ইসলাম, কুলাসারের দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি কুলাসারের জামাল উদ্দিন, যুবলীগ নেতা আলকরার আকবর কবির শিশির, রমজান আলী, আবুল কালাম, কাইচ্ছুটির নাছির উদ্দিন, দক্ষিণ কাইচ্ছুটির নুর নবী, লক্ষীপুরের শাহজাহান, শিলরীর মামুন, মাসুম, উত্তর আলকরার ইসমাইল, আশফালিয়ার শিমুল।
মামলা সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই ভোরে মেম্বার নুরুল আলম বাড়ি থেকে ফেনী শহরের রামপুরে বাসার উদ্দেশে রওয়ানা করে। পথিমধ্যে সিএনজি অটোরিকশা যোগে দত্তসার এলাকায় পৌঁছলে অভিযুক্তরা দুইটি মাইক্রবাসযোগে তাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর পর্যায়ক্রমে কুপিয়ে ও লোহার পেরেক
মেরে আসামিরা মেম্বারের মৃত্যু নিশ্চিত করে। পরদিন ১৩ জুলাই সকালে পুলিশ মেম্বার নুরুল আলমের বাড়ির আধা কিলোমিটার দূরে লক্ষীপুর ব্রিজের
নিচ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ ব্যপারে ১৪ জুলাই
রাতে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু বাদী হয়ে ৪ মেম্বারসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।