আর্সেনালের হয়ে সঠিক সময়েই গোল পেয়েছেন চিলিয়ান স্ট্রাইকার এলেক্সিস সানচেজ। তার দেয়া একমাত্র গোলে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে তুরষ্কের দল বেসিকটাসকে পরাজিত করে টানা ১৭ বারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে গানার্সরা। এটি ছিল আর্সেনালের জার্সি গায়ে সানচেজের প্রথম গোল।
এর আগে গত সপ্তাহে ইস্তানবুলে প্লে—অফের প্রথম লেগের ম্যাচটি গোলশুণ্য ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ১-০ গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার নিশ্চিত করল স্বাগতিকরা।
প্রথমার্ধের স্টপেজ টাইমে লো শটে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন ৩০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এবারের মৌসুমে লন্ডনের ক্লাবটিতে নাম লেখানো সানচেজ। সেই লিডকে আর এগিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে বেসিকটাসও সমতা ফেরাতে ব্যর্থ হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। তবে ম্যাচ শেষের ১৫ মিনিট আগে ডিফেন্ডার ম্যাথিউ ডেবাচি দুই হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে বাকি সময় ১০জনকে নিয়েই খেলতে হয়েছে আর্সেনালকে।
গত মৌসুমে শেষ ১৬’র লড়াইয়ে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। সাসপেনশনের কারণে কাল মাঠে ছিলেন না তারকা মিডফিল্ডার এ্যারন রামসে। তাছাড়া গোঁড়ালির ইনজুরির কারণে মাঠে অনুপস্থিত ছিলেন ফ্রেঞ্চম্যান অলিভার জিরুড। আর তাই সানচেজের সামনে নিজেকে প্রমাণের দারুণ এক সুযোগ এসেছিল, যা তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন।