বিকাশ প্রতিনিধিকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

 
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আতাউর (২৮) নামের এক বিকাশ এজেন্ট প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত আতাউরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাউরের সঙ্গে থাকা আরেক বিকাশ এজেন্ট প্রতিনিধি মুছা আল আশরি জানান, মোটরসাইকেলে করে তারা দুজন বিজয়নগর ও আখাউড়া যাবার উদ্দেশে দুটি ব্যাগে করে বিকাশের ছয় লাখ পাঁচ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। কাউতলি স্টেডিয়াম এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তারা মোটর সাইকেলের পেছনে বসা আতাউরের বাম হাতে কোপাতে থাকে । এতে তার হাতে থাকা ব্যাগটি পড়ে গেলে ছিনতাইকারীদের ৪/৫ জন সহযোগী এসে দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই ইশতিয়াক আহমেদ জানান, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি।