সরকারি ব্যয়ের গুণগত মান ও বেসরকারি খাতকে উত্সাহ দেয়ার জন্যে প্রয়োজনীয় সংস্কারের সুস্পষ্ট দিক নির্দেশনা সপ্তম পঞ্চম বার্ষিক পরিকল্পনায় থাকবে। এ ছাড়া পুঁজিবাজার শক্তিশালীকরণ, রাজস্ব আয় আহরণ বৃদ্ধিতে ট্যাক্স নীতিমালায় প্রয়োজনীয় সংশোধনের দিক-নির্দেশনা এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেয়া হবে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার দলিল প্রণয়নের জন্যে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় আজ বৃহস্পতিবার এ তথ্য জানান পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১৬-২০) প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ: প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ন। প্রতিপাদ্যটি নিয়ে পরিকল্পনামন্ত্রী জানান, প্রবৃদ্ধিকে বাড়াতে হলে আমাদের উত্পদানশীলতা বাড়াতেই হবে। এই উত্পাদনশীলতা বাড়াতে হলে দেশের প্রত্যেক জনগণকে উত্পাদনশীল খাতে ভূমিকা রাখতে হবে।
সভায় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেন, বর্তমান বাজার অর্থনীতিতে বাংলাদেশ ক্রমেই অন্যান্য দেশের অর্থনীতির সাথে জড়িয়ে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সুস্পষ্টভাবে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে দক্ষিণ এশীয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর কৌশল সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেখাতে হবে।
সভায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. সামসুল আলম বলেন, বর্তমান সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়ন করার উদ্দেশ্যে ২০১০ থেকে ২০২১ পর্যন্ত দীর্ঘ মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে। এরই ধারাবাহিকতায় ২০১১ থেকে ২০১৫ মেয়াদে ষষ্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ২০১৬ থেকে ২০২১ মেয়াদি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেয়। এবারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি ষষ্ট পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারাবাহিকতা। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যা যা সম্পন্ন করা যায়নি তা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আনা হচ্ছে।
পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া সফিকুল ইসলাম সরকারের গৃহীত জাতীয় শুদ্ধাচার নীতির কথা উল্লেখ করে বলেন, আমাদের স্ব স্ব ক্ষেত্রে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার দলিল প্রণয়নের জন্যে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী এক বছরের মধ্যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া দলিল প্রস্তুত করা হবে। সভায় জানানো হয় এই সপ্তম পঞ্চবার্ষিক দলিল তৈরীতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়ার জন্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে ইতোমধ্যে একটি অর্থনীতিবিদ প্যানেল গঠন করা হয়েছে। সভায় আরও জানানো হয় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সংক্রান্ত খসড়া দলিল প্রস্তুতের জন্যে বিষয়ভিত্তিক ২৮টি ব্যাক গ্রাউন্ড স্ট্যাডি সম্পাদন করা হবে। আগামী নভেম্বর ২০১৪ তারিখের মধ্যে এই ব্যাক গ্রাউন্ড স্টাডির খসড়া চূড়ান্ত করা হবে বলে সভায় জানানো হয়।
আজকের সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইঅ/চৌফে/শ৩৬০