টিভি উপস্থাপন নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনা উল্লেখ করে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশে প্রতিদিন গুম-খুন হচ্ছে। সরকার নির্বিকার। দেশ বসবাসের অযোগ্য। মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় স্বস্তি ও শান্তি ফিরে আসুক।’ জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা একটা সমাজে বাস করি, এই সমাজের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। রাতে মানুষকে জবাই করা হচ্ছে। সরকার কী জবাব দেবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে।’ এ সময় তিনি বলেন ‘দুই দলের দিন শেষ, জাতীয় পার্টির বাংলাদেশ।’ ঢাকা মহানগর (দক্ষিণ) জাপার নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি পাওয়ায় রেজাউল ইসলাম ভূঁঁইয়াকে সংবর্ধনা দিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে এরশাদ বলেন, ‘সংবাদপত্রের কণ্ঠ রোধ করবেন না। করলে বিপদে পড়বেন। গণমাধ্যমকে সত্য কথা বলতে দিন। সত্যকে হজম করার শক্তি অর্জন করুন। আলোচনা করে কমিশন গঠন করুন।’
বিএনপির লোকজনকে জাপায় যোগদানের জন্য আবারও আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘জাতীয়তাবাদী কারা? যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী— তারাই। জামায়াত-বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। যারা জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তারা আমার দলে আসুন।’
যুবসংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আবুল কাশেম, সালমা ইসলাম এমপি, এসএম ফয়শল চিশতী, এমএ হান্নান ও মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব নূরুল ইসলাম নূরু, ছাত্রসমাজ সভাপতি ইফতেখার আহসান হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।
ইঅ/চৌফে/শ২৬৪