গুলিস্তান কমপ্লেক্সে ৩৪৩ দোকান বেদখল, উদ্ধারের তাগিদ

 
ইত্তেফাক রিপোর্ট
মুক্তযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদ ‘গুলিস্তান কমপ্লেক্স’-এর  ৩৪৩টি দোকান বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে যেসব দোকান এখনো চুক্তি করে ভাড়া দেওয়া হয়নি, সেগুলোর বাজারদর  যাচাই  করে দ্রুত ভাড়া দেওয়ার সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গুলিস্থান কমপ্লেক্স নির্মাণে ডেভেলপার কোম্পানির সাথে ট্রাস্টের চুক্তি অনুযায়ী সকল আর্থিক সুবিধা  কল্যাণ ট্রাষ্টকে ফিরিয়ে দেওয়ারও সুপারিশ  করা হয়। বিভিন্ন জায়গায় কল্যাণ ট্রাস্টের অব্যবহূত সম্পত্তির  ওপর ভবন নির্মাণ করা হবে নাকি সম্পত্তি  বিক্রি করা হবে, সে ব্যপারে  প্রয়োজনীয়  সিদ্ধান্ত নিতে কল্যাণ ট্রাস্টের  চেয়ারম্যানকে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ  ট্রাস্টের সকল সম্পক্তি সুষ্ঠুভাবে  তদারকির মাধ্যমে দখলকৃত সম্পত্তি পুনঃরুদ্ধারের  জন্য নুরন্নবী চৌধুরী শাওনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় উপকমিটি গঠন  করা হয়। কমিটির অন্য  সদস্যরা হলেন- আশেক উল্লাহ রফিক ও স্বপন ভট্টাচার্য্য। বৈঠকে তারা ছাড়াও কমিটির সদস্য- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, ইকবালুর রহিম, আফছারুল আমীন ও গোলাম দস্তগীর গাজী অংশ নেন।
 

 

ইঅ/চৌফে/শ১৮৫