পূর্ব ইউক্রেনে চলমান সংঘর্ষের জন্যে রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি সেখানে রাশিয়ার সেনা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে এ অভিযোগ ওঠার পরই ওবামা এমন বক্তব্য দিলেন। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীরা সরাসরি রাশিয়ার সেনাদের কাছে প্রশিক্ষণ প্রাপ্ত। রাশিয়ার দেয়া অস্ত্র ও অর্থেই তারা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। খবর বিবিসির।
এর আগে নেটো বলেছে, ইউক্রেনের অভ্যন্তরে বিদ্রোহীদের পক্ষে লড়াই করছে প্রায় হাজার খানেক রুশ সেনা যারা ভারি অস্ত্রে সজ্জিত। এ ব্যাপারে একটি স্যাটেলাইট ইমেজও প্রকাশ করেছে নেটো।
অন্যদিকে একজন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা বলেছেন, ইউক্রেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের সাথে লড়াইয়ে সরাসরি অংশ নিচ্ছে রুশ সৈন্যরা।
তবে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত এই অভিযোগ নাকচ করে দিলেও কিছু রুশ সেনা ছুটি কাটাতে ইউক্রেনে রয়েছেন বলে স্বীকার করেছেন।
এদিকে, রুশ সেনাদের যুদ্ধে অংশগ্রহণ প্রসঙ্গে এক জরুরি সভায় মিলিত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
অপরদিকে, রাশিয়ার সেনাদের গোপনে পরিবারকে না জানিয়ে ইউক্রেনে পাঠিয়ে দেবার অভিযোগ উঠেছে। রাশিয়ার কস্ত্রোমা সামরিক ঘাটির বাইরে রুশ সেনাদের পরিবার জড়ো হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তারা রুশ সেনারা কোথায় রয়েছেন সেটি প্রকাশ করার দাবি জানাচ্ছেন।
ইউক্রেন প্রসঙ্গে ইতিমধ্যেই রাশিয়ার ওপর অবরোধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ।