যোগাযোগমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সুলভ মূল্যে ক্রয় করতে পারছে। বিদ্যুতের আলোসহ শান্তিতে ঘুমাতে পারছে। আইন-শৃংখলার উন্নতি হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, আগস্ট মাস রক্ত ঝরার মাস। ১৫ই আগস্ট শোকের দিন। কিন্তু খালেদা জিয়া আন্দোলন করেন, জম্মদিন পালন করেন। তিনি বিএনপিকে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার আহ্বান জানান।
শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহাদ আলী সরকার, নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, জেলা যুব লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
শোক সভায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে যোগাযোগমন্ত্রী সিংড়া উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।