আঙ্কারায় অনুষ্ঠিত তুরস্কের নবনির্বাচিত রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৯০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, সংসদের স্পিকার, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে তুরস্কের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচিত হওয়ায় পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানানোয় তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমান বাণিজ্য পরিস্থিতি ও অর্থনীতির খোঁজ-খবর নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের চলমান ৬ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির হার ও ৩২ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রফতানির সম্পর্কে তুরস্কের রাষ্ট্রপতিকে অবহিত করেন।
শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ২৭ আগস্ট শাহরিয়ার আলম তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
ইঅ/চৌফে/শ১২৫