মহিলা এককে টানা তৃতীয়বারের মতো ইউএস ওপেন টেনিসের শিরোপা জয়ের পথেই হাটছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা। এছাড়াও তৃতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন তৃতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, সপ্তম বাছাই কানাডার ইউজেনি বুচার্ড ও ষোড়শ বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। তবে অঘটনের শিকার হয়েছেন অষ্টম বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচ। বর্তমান র্যাংকিং-এর ৪১তম স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে হারের লজ্জা পান ইভানোভিচ।
বছরের চার গ্র্যান্ড স্ল্যামের কোনটিতেই সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌছাতে পারেননি ইভানোভিচ। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠতে পারলেও, রানার্স-আপ হয়েই ক্ষান্ত থাকতে হয় ইভানোভিচকে। আর ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেননি সার্বিয়ার এই টেনিস তরুণী।
এবারও হতাশ হয়ে বিদায় নিতে হল ইভানোভিচকে। প্রথম রাউন্ডে চমৎকার শুরু করা ইভানোভিচের যাত্রা দ্বিতীয় রাউন্ডেই থামিয়ে দেন প্লিসকোভা। মাত্র ৪৫ মিনিটে ৭-৫ গেমে প্রথম সেট জিতে ইভানোভিচকে অশনি সংকেতের আভাস দেন প্লিসকোভা। সেই সংকেত শেষপর্যন্ত বিদায়ের সুর বাজিয়েছে ইভানোভিচের সামনে। কারন দ্বিতীয় সেটটিও জিতে নেন প্লিসকোভা, ৬-৪ গেমে। এজন্য তার সময় লাগে মাত্র ৩৫ মিনিট। এমন বাজেভারে হেরে ম্যাচ শেষে বেশ হতাশা ঝড়লো ইভানোভিচের কন্ঠে, ‘এটি খুবই হতাশার। আমি বুঝতে পারছি না কেন এমন হলো। আসল সমস্যাটি খুঁেজ বের করতে হবে এবং সমস্যা সমাধানে অনেক পরিশ্রম করতে হবে।’