সিগারেটের আগুনে অন্তত ৩০০ গাড়ি পুড়ে ছাই

ভারতের বেঙ্গালুরুতে চলমান বিমান বাহিনীর মহড়ার সময় রাজ্যের ইয়েলাহানকা ঘাঁটির কাছে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার সিগারেটের আগুন থেকে ছড়িয়ে পড়া এই আগুনে পুড়ে গেছে অন্তত ৩০০ গাড়ি। বুধবার থেকে শুরু হওয়া পাঁচদিনব্যাপী চলমান বিমান বাহিনীর মহড়ার চতুর্থ দিন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় কর্মকর্তারা জানান, 'সিগারেটের আগুন থেকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খোলা আকাশের নিচে শুকনো ঘাসে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্কিং লটে রাখা গাড়িগুলোতে'।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের একটি প্রতিবেদনে জানায়, 'উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহানকা ঘাঁটির কাছের আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ভারতীয় বিমান বাহিনীর দ্বি-বার্ষিক বিশাল এ বিমান মহড়ার জন্য শত শত বিমান পার্কিং করে রাখা ছিল এই ঘাঁটিতে'।

বেঙ্গালুরু পুলিশ কর্মকর্তা এমএন রেড্ডি জানান, 'প্রচণ্ড বাতাস ও শুকনো ঘাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। খোলা আকাশের নিচে রাখা শত শত গাড়ি আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি'।

এর আগে, গত বুধবার বেঙ্গালুরুতে দেশটির বিমান বাহিনীর মহড়ার প্রথম দিন আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষে একজন পাইলটের প্রাণহানির ঘটনা ঘটে।

আরও পড়ুন: পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম অপসারণ শুরু

উল্লেখ্য, সম্প্রতি বেঙ্গালুরুতে শুরু হয়েছে ভারতের বিমানবাহিনীর পাঁচদিনব্যাপী  'এরো ইন্ডিয়া- ২০১৯' নামে দ্বি-বার্ষিক বিমান মহড়া। গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে রবিবার পর্যন্ত। দেশটির বিমানবাহিনীর এই মহড়া দেখার জন্য প্রতিদিন ইয়েলাহানকা ঘাঁটিতে ভীড় করছেন হাজার হাজার মানুষ।

ইত্তেফাক/জেডএইচডি