বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে আর্জেন্টিনায় ধর্মঘট পালন

 
বেকারত্ব বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে আর্জেন্টিনার শ্রমিকরা স্থানীয় সময় বৃহস্পতিবার ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালন করেছে। ট্রেড ইউনিয়ন সদস্য এবং রাজনৈতিক কর্মীরা এ দিন রাজধানী বুয়েন্স আয়ার্সের প্রধান সড়গুলোতে ব্যারিকেড দেয়। এ ছাড়া, যেসব ট্যাক্সি ও বাসচালকরা ধর্মঘট পালন করছিল না তাদেরকে বাধা দেয়া হয়।খবর আল-জাজিরার।
আর্জেন্টিনার প্রধান পাঁচটি ট্রেড ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়ন ২৪ ঘণ্টার এই ধর্মঘটে যোগ দিলেও সরকার বলেছে, ৭৫ ভাগ শ্রমিক এতে অংশ নিয়েছে। এর ফলে ধর্মঘটটি আংশিকভাবে সফল বলে মনে হয়েছে। বুয়েন্স আয়ার্সের রাস্তাগুলো শান্ত থাকলেও একেবারে ফাঁকা ছিল না। বাস ও ট্যাক্সির পাশাপাশি রাজধানীর ছয়টি ট্রেনলাইনের তিনটি চালু ছিল। তবে ব্যাংক ও আভ্যন্তরীন ফ্লাইটসহ গুরুত্বপূর্ণ খাতগুলো বন্ধ ছিল।
গত পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এই সাধারণ ধর্মঘটটি ডাকা হয়েছিল বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে। দেশটিতে বেকারত্বের হার এ বছর ১.১ ভাগ বেড়ে এখন ৭.৫ ভাগে দাঁড়িয়েছে। এ ছাড়া মুদ্রাস্ফীতির কারণে বেতন নিয়েও শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে।
 
ইঅ/চৌফে/শ১৪৯