বোরো জমিতে সেচের পানি দেওয়া নিয়ে বিরোধের জের ধরে আপন ভাই ও ভাতিজাদের হামলায় ফজলুর রহমান (৫৮) নামে এক কৃষক খুন হয়েছেন। শনিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বেলাটী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে আব্দুর রাজ্জাক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, শ্যালো মেশিনের মাধ্যমে বোরো জমিতে সেচের পানি দেওয়া নিয়ে শুক্রবার বেলাটী গ্রামের কৃষক ফজলুর রহমানের সঙ্গে তার আপন ছোট ভাই আতিউর রহমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার দুপুরে আতিউর রহমান তার ছেলেদের ও ভাতিজাদের নিয়ে বড় ভাই ফজলুর রহমানের উপর হামলা করে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন ফজলুর রহমান ও ছেলে আব্দুর রাজ্জাক।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফজলুর রহমানের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ রৌমারী সীমান্তে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে।’ তবে আটক তিন নারীর নাম জানাননি তিনি।
ইত্তেফাক/নূহু