২০১৮ সালের বিশ্বকাপের স্বাগতিক শহরের সংখ্যা অপরিবর্তিত আছে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে পুতিন বলেছেন, আমরা সম্প্রতী বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করেছি। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ২০১৮ সালের বিশ্বকাপের জন্য পূর্ব নির্ধারিত শহরের সংখ্যা অপরিবর্তিত থাকবে।
এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার ক্রীড়া মন্ত্রী ভিতালি মুটকো জানিয়েছিলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা বিশ্বকাপ এর জন্য আয়োজিত স্বাগতিক শহরের সংখ্যা কমানোর সুপারিশ করেছে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ১১টি শহরে ১২টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত হলেও ফিফা এই সংখ্যা কমিয়ে নয়টি শহরে ১০টি ভেন্যুতে আয়োজনের সুপারিশ করেছিল।
ব্রাজিল বিশ্বকাপের অভিজ্ঞতা থেকেই ফিফা এই অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে।