আইএসের বিরুদ্ধে বিশ্বেকে এক হওয়ার আহ্বান কেরির

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট জিহাদিদের ‘গণহত্যা যজ্ঞের’ বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের বিভিন্ন দেশকে স্থানীয় সময় শুক্রবার ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
নিউইয়র্ক টাইমস’র এক সম্পাদকীয় নিবন্ধে ওয়েলসে-এ ন্যাটোর এক শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে কেরি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ অভিযান এবং বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে সম্ভাব্য ব্যাপক ভিত্তিক জোট গঠনের পক্ষে মত দেন । সম্মেলনে পশ্চিমা বিশ্বের নেতারা অংশ নেবেন।
মার্কিন এ শীর্ষ কূটনীতিক বলেন, ন্যাটোর ওই শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি ও প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের এ সাক্ষাতের লক্ষ্যই হচ্ছে আইএস’র বিরুদ্ধে যুদ্ধে সম্ভাব্য সহাযোগিতার একটি তালিকা প্রস্তুত করা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ইরাক ও সিরিয়ার বিস্তীর্ন অঞ্চল নিয়ন্ত্রণকারী আইএস’কে দমনে তিনি একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করছেন। সেখানে জঙ্গিরা একটি ‘খেলাফত’ রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।
ওই নিবন্ধে কেরি বলেন, ওবামা সেপ্টেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক শীর্ষ বৈঠকে আইএস’কে দমনে একটি পরিকল্পনা উপস্থাপন করবেন। উল্লেখ্য, ওই বৈঠকে যুক্তরাষ্ট্র এ গ্রুপের পালাক্রমিক প্রেসিডেন্টের দায়িত্ব পাবে। উল্লেখ্য, ন্যাটোর এ শীর্ষ সম্মেলন আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর ওয়েলেস- এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর এএফপি