মানিকগঞ্জের সিংগাইরে লাল মিয়া (৭৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। উপজেলার জামির্ত্তা ইউপির সুদক্ষিরা পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার এ হামলা হয়। নিহত লাল মিয়া ভান্ডারী একই গ্রামের রজ্জব আলীর ছেলে।
জানা গেছে, নিহত লাল মিয়ার পরিবারের সঙ্গে তার ভাই লতিফের ছেলে সালাউদ্দিন ও জাকিরের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আগেও কয়েকবার মারধরের ঘটনা ঘটে।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির দক্ষিণ পাশে বিরোধপূর্ণ জমিতে লাল মিয়া হাল চাষ করতে যায়। এ সময় দুই ভাতিজা সালাউদ্দিন ও জাকির তার ওপর হামলা করে। আহত অবস্থায় লাল মিয়াকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মনোয়ার হোসেন শনিবার সকালে অভিযোগ করে বলেন, আমরা কেউ বাড়ি ছিলাম না। এ অবস্থায় আমার বাবাকে একা পেয়ে পরিকল্পিতভাবে সালাউদ্দিন ও জাকিরসহ আরো কয়েকজন মিলে হত্যা করেছে।
আরও পড়ুনঃ স্কুল থেকে বাড়ি ফেরা হল না তুবার
সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘হত্যার অভিযোগে মামলা নেওয়া হয়েছে।মামলার আসামি ৫ জন। প্রাথমিক অনুসন্ধানে লাল মিয়া হত্যার বিষয়ে তার ভাতিজাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/নূহু