সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শালদিঘি আশ্রয় কেন্দ্রের মাদক ব্যবসায়ী আজিজুল ইসলাম (৩২) ও মোফাজ্জল ইসলাম (২৯)। দুজনেই জামিনে বেরিয় এখন পলাতক রয়েছেন।
আজ রবিবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ম এর বিচারক শেখ মো নাসিরুল হক এই রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৩ শে সেপ্টেম্বর সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। এ সময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী বাবলু পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে বিশেষ কায়দায় প্লাস্টিকের পাইপে লুকানো অবস্থায় প্রায় সাত লিটার ফেন্সিডিলসহ আজিজুল ইসলাম ও মোফাজ্জল ইসলামকে আটক করে পুলিশ। পরে এ বিষয়ে একটি মামলা করা হয়। ওই মামলার দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে আদালত রবিবার এ রায় প্রদান করে।